জয়পুরহাটের পাঁচবিবিতে ভোলা মণ্ডল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আপন ছয় ভাইসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়পুরহাট উপজেলার হরেন্দ্রা গ্রামের মৃত বিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান, ছানোয়ার হোসেন, সাহাজ হোসেন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ওরফে রেয়াজ। অন্য আসামিরা হলেন রমজান আলী, আব্দুল ওহাব, ফারুক হোসেন, মো. দুলো, আব্দুল খালেক, শাহজাহান, শফিকুল ইসলাম, আনিছুর ওরফে আনিছুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ মে পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের ভোলা মণ্ডল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে আসামিরা।