বিএনপি নেতাদের প্রতিহিংসামূলক বক্তব্য না দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘রাজনীতিতে তারা আমাদের সিনিয়র। আমরা তাদের কাছ থেকে শিখব।’

গতকাল দুপুরে পঞ্চগড়ের মিরগড় ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসামূলক বক্তব্য দেয়ার কালচারটা ছিল শেখ হাসিনার। বিভিন্ন সময়ে ড. মুহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে কথা বলতেন। খালেদা জিয়াকেও কটাক্ষ করতেন। এটা বাংলাদেশের রাজনীতিতে সোহার্দপূর্ণ সম্পর্ক নষ্ট করছিল। আমরা তা সিনিয়র রাজনীতিকদের কাছ থেকে প্রত্যাশা করি না।’

তিনি বলেন, ‘আমাদের জন্য যদি বিএনপি নেতাদের কোনো পরামর্শ থাকে তারা তা দিতে পারেন। পরামর্শও একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেয়া উচিত। এটাই আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করব।’

বিএনপির এক নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সারজিস আলম বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, আন্দোলনের কারণে দেশে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এটা সত্য, কিছুটা বিঘ্নিত হয়েছে। আমরা কি শেষ হয়ে গিয়েছি বা নষ্ট হয়ে গিয়েছি?’