বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাত মেয়রপ্রার্থীসহ ১৬৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর নথুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ প্রতীক বরাদ্দ করেন। মেয়র পদে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
মেয়রপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
এছাড়া ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬ জনের মধ্যে ১১৫ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। একজন প্রার্থী থাকায় ৭ নং ওয়ার্ডে কোনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এছাড়া সংরক্ষিত কাউন্সিলরের ১০ নং ওয়ার্ডে ৪২ নারী প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করার আগে প্রার্থীদের দিকনির্দেশনা দেন। এ সময় তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। প্রতীক বরাদ্দের শুরুতেই সাত মেয়রপ্রার্থীর হাতে দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্ধারিত প্রতীক তুলে দেন।
প্রতীক পেয়েই নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত ২৪ নং ওয়ার্ডের রুপাতলী হাউজিং এলাকায় প্রচারণা শুরু করেন। পরে সেখানে হাউজিং স্টেট মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং বিকালে ২৪ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘সিটি করপোরেশন জনগণের কল্যাণে কাজ করে। অথচ বরিশাল সিটিতে রাস্তা, ড্রেনেজ, পানি ও মশার সমস্যা চরম আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী বরিশালবাসীর জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আমাকে নির্বাচিত করলে অঙ্গীকার করছি, আপনাদের খেদমত করব। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। নির্বাচিত হলে মেয়রের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করা হবে। একইভাবে নগরবাসীকে সঙ্গে নিয়ে তিলোত্তমা বরিশাল গড়ে তোলা হবে।’
সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন (ঘড়ি) প্রতীক বরাদ্দ পেয়ে কালুশাহ সড়ক আলেকান্দা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। বিকালে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন নিজ এলাকা কালুশাহ সড়ক, রিফিউজি কলোনিসহ আশপাশের এলাকায়।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ আগামী ১২ জুন। মোট ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ৫৮ বর্গকিলোমিটার আয়তনের নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।










