নিজের পাশাপাশি জাতীয় সংসদের আরো দুই নারী সহকর্মীকে নিয়ে আরেক সংসদ সদস্যের কুৎসিত ভাষায় দেয়া বক্তব্যের জন্য স্পিকারের কাছে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার বিকালে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ সময় রুমিন ফারহানা স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, 'আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে—এ সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এ সংসদে উপস্থিত আরেকজন সদস্য যে কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ-মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এ ব্যাপারে বিচার চাইছি। সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিষয়টিকে দেখবেন'।

জবাবে স্পিকার বলেন, 'আপনি রুলস অব প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না'।