সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে দেশের দায়িত্বভার গ্রহণ করে জিয়াউর রহমান বাংলাদেশকে বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখেন। তার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (৭ নভেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা ও ঢেউটিন এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি, মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বভার গ্রহণ করে জিয়াউর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তিনি জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন।
অনুষ্ঠানে ৯০ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মানবিক সহায়তা দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া ৫৬ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেয়া হয়। পাশাপাশি ২০০ জন কর্মজীবী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেলাব উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।










