গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে শনিবার (৭ নভেম্বর) ঢাকায় আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মারা গেছেন। সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুবরণকারী সদস্যরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের কাইমুদ্দিন (৫৮)। গরমে অসুস্থ আরো কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহত ও অসুস্থদের সর্বাত্মক ও সর্বোত্তম চিকিৎসাসেবা সুনিশ্চিত করার নির্দেশ দেন এবং তাদের ব্যয়ভার সরকার বহন করবে বলে জানান।
একই সাথে প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে আশ্বস্ত করেন।
এছাড়া নিহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়ীতে পৌঁছানো এবং সম্মানজনক দাফন-কাফনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মীর শাহে আলম।










