টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই প্রথমবারের মতো করা সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে তিনি ডাবল করেছেন। বাংলাদেশের হয়ে এর আগে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির পর সর্বোচ্চ রানের ইনিংস ছিল মুমিনুল হকের, ১৮১ রান। সেই রেকর্ড ছাড়িয়ে এবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল সেঞ্চুরিতে নিয়ে গেলেন তাওহিদ হৃদয়।
এর আগে পুরো মোমেন্টাম ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। ১৭২ রানে পিছিয়ে থাকাবস্থায় বাংলাদেশ সাত উইকেট হারিয়ে বসে। সাদমান ইসলামের ইনজুরিতে হাতে ছিল স্রেফ ২ উইকেট। সেখান রেকর্ডগড়া ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও তুলে নিয়েছেন হৃদয়। ৩০৪ বলে তিনি নিজের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির ইনিংস সাজিয়েছেন ১৯টি চার ও ৭টি ছক্কায়।
এর আগে তিন বাংলাদেশি ক্রিকেটারের ব্যাটে পাঁচটি ডাবল সেঞ্চুরি হয়েছিল। তাদের মধ্যে মুশফিকুর রহিম তিনটি, সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেন একটি করে। সেই তালিকায় নতুন নাম তাওহীদ হৃদয়।
এ ছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবার টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের ১৭১ ও শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিসের ১৬৪।
অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়েছিলেন হৃদয়। যা টেস্টে ওই উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ১৪৪ রানের জুটি আছে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওই রেকর্ড জুটি হয়েছিল।










