সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে গতকাল প্রথম দিন শুরুতেই তিন উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলকে টেনেছেন আমির জাঙ্গু। তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ক্যারিবীয়রা অনেকটা নিরাপদে পৌঁছে গেছে। আলোকস্বল্পতায় অবশ্য আগেভাগে শেষ হয় খেলা। স্থানীয় সময় বিকাল ৪টা ৮ মিনিটে খেলা বন্ধ হওয়ার সময় অতিথি দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩৫ রান।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে শুরুর ১০ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পঞ্চম ওভারের প্রথম বলেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়ে যান ওপেনার ব্র্যান্ডন কিং (৯ রান)। কাভেম হজও দ্রুত ফেরেন সাজঘরে। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান। নবম ওভারে জশুয়া দা সিলভাকে বোল্ড করেন তাসকিন।

২৭ রানে ৩ উইকেট হারানোর পর অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর প্রতিরোধে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এ দুজন ২৫১ বল মোকাবেলায় ১৩১ রান যোগ করে দলকে স্বস্তিদায়ক জায়গায় নিয়ে যান। তাইজুল ইসলামের বলকে এক্সটা কভার অঞ্চল দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন জাঙ্গু। ২৯ বছর বয়সী ক্রিকেটারের এটা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। জাঙ্গু ১৭১ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১১ এবং জাস্টিন গ্রিভস ৬২ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।