বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’। এতে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় বহু নাটকে একসঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম বড় পর্দায় জুটি হিসেবে দেখা যাবে তাদের। গত বুধবার নিজের ফেসবুক পোস্টে সিনেমাটিতে নিশো ও মেহজাবীনের যুক্ত হওয়ার খবর জানিয়েছেন নির্মাতা।

সেখানে আদনান আল রাজীব লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অপলক। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সে ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।’ প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন নির্মাতা। তার ভাষ্য, ‘আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সে মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছবে।’

এর আগে সিনেমাটির নায়ক হিসেবে সিয়াম আহমেদের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি যুক্ত হননি। বর্তমানে ‘অপলক’-এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। গত সোমবার গণমাধ্যমকে আদনান আল রাজীব জানিয়েছিলেন, লোকেশন দেখতে দলবল নিয়ে সিলেটে গেছেন তারা। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে আরো একজন নায়িকা থাকছেন বলেও জানা গেছে। তবে ওই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

আদনান আল রাজীবের নির্মিত কাজের মধ্যে রয়েছে অল টাইম দৌড়ের ওপর, বিকাল বেলার পাখি ও ওয়েব ফিল্ম ইউটিউমার। এর বাইরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আল্পই দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন স্বীকৃতি পায়।

এটি হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ‘দম’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।

এদিকে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। কলকাতায় গোপনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। মুক্তির আগে তার উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চাইছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের পক্ষ থেকে চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে এ বছর মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে সিনেমাটি।