কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে দেশভাগ, ভাষা আন্দোলন ও একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘যাপিত জীবন’। নির্মাণের প্রায় তিন বছর পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। ২০ নভেম্বর মুক্তি পাবে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি।
সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি নির্মাণে ৬০ লাখ টাকা সরকারি অনুদান দেয়া হয়। গত মঙ্গলবার রাতে পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি মুক্তির তারিখ জানিয়েছে।
‘যাপিত জীবন’-এ অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন ভাবনা। বাবার পরিচালনায় কাজের অভিজ্ঞতা, সিনেমাটির নির্মাণ এবং মুক্তির আগে প্রচারণার নানা দিক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।
সিনেমার পোস্টার প্রকাশের পর দর্শকের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট ভাবনা। তার মতে, পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পোস্টারের মধ্যে এক ধরনের স্থিরতা ও স্বস্তি রয়েছে। এর মাঝখানে একটি পরিবারের ছবি তুলে ধরা হয়েছে। সেটি দেখে মধ্যবিত্ত পরিবারের অনেকেই পুরো পরিবার নিয়ে সিনেমাটি দেখতে হলে আসার আগ্রহ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক মন্তব্য পাচ্ছি।’
সিনেমাটির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিজ্ঞতা অন্য কাজের চেয়ে আলাদা বলে জানিয়েছেন ভাবনা। তিনি বলেন, ‘অন্য সিনেমায় আমি শুধু অভিনেত্রী হিসেবে কাজ করি। কিন্তু এটি আমাদের নিজস্ব প্রযোজনা হওয়ায় নির্মাণের বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে আমরা ২০ দিন শুটিং করেছি। সেখানে কাজের সময় আবেগ ও আনন্দের অনেক স্মৃতি তৈরি হয়েছে।’
‘যাপিত জীবন’ দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা ভাবনার। তিনি বলেন, ‘এটি আমাদের দেশের গল্প, অনুভূতির গল্প, বেদনার গল্প। একই সঙ্গে মানুষের শেকড় ও অস্তিত্বের গল্প। সিনেমাটি দর্শককে গভীরভাবে ভাবাবে এবং নতুন বোধ তৈরি করবে বলে আমার বিশ্বাস।’
সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এতে আফসানা ও সোবহান চরিত্রে দেখা যাবে তাদের। সিনেমায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সিনেমাটির কাজ অত্যন্ত পারিবারিক আবহে সম্পন্ন হয়েছে। এটি একটি পারিবারিক গল্প। কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। সবকিছু দারুণভাবে এগোচ্ছে। আমার বিশ্বাস, খুব ভালো একটি নির্মাণ হয়েছে ‘যাপিত জীবন’।’










