ব্যান্ড সংগীতের সাত জনপ্রিয় দল নিয়ে রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে উন্মুক্ত কনসার্ট। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
কনসার্টে অংশ নেবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’, ‘মাইলস’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘মেকানিক্স’ ও ‘ফিডব্যাক’। দেশের ব্যান্ডসংগীতের বিভিন্ন প্রজন্ম ও ধারার প্রতিনিধিত্বকারী দলগুলোকে এক মঞ্চে পাওয়ায় আয়োজনটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টের ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেয়া হবে বেলা ৩টায়। মূল আয়োজন শুরু হবে বিকাল ৪টায়। সাত ব্যান্ডের এ কনসার্ট চলবে প্রায় ৭ ঘণ্টা। দীর্ঘ সময় ধরে প্রিয় ব্যান্ডগুলোর গান শোনার সুযোগ পাবেন দর্শক-শ্রোতা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় বিনামূল্যেই উপভোগ করতে পারবে সাধারণ মানুষ।
গত দুই বছরে দেশে ওপেন এয়ার কনসার্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে একাধিক আয়োজন। এমন বাস্তবতায় ‘কনসার্ট ফর সলিডারিটি’ সংগীতপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে। এক মঞ্চে জনপ্রিয় সাত ব্যান্ডের পরিবেশনা এ আয়োজনের অন্যতম আকর্ষণ।
নগরবাউল কণ্ঠশিল্পী ফারুক মাহফুজ আনাম জেমস বিভিন্ন সময় দেশের নানা প্রান্তে কনসার্টে গান গেয়ে ভক্ত-শ্রোতা মাতিয়েছেন। সর্বশেষ ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সংগীত পরিবেশন করেন। এর আগে ২৩ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ‘রক এন রিদম ৫.০’ কনসার্টেও গান করেন জেমস। এবার মানিক মিয়া এভিনিউর উন্মুক্ত মঞ্চে তার পরিবেশনা দেখার অপেক্ষায় থাকবেন রাজধানীর দর্শক-শ্রোতারা।
অন্যদিকে দেশের হার্ডরক ধারার অন্যতম পথিকৃৎ ওয়ারফেজের পথচলা শুরু আশির দশকের মাঝামাঝি। দীর্ঘদিন ধরে বাংলা ব্যান্ড সংগীতে সক্রিয় দলটি এবারো থাকছে বড় এ আয়োজনে। কনসার্টে অংশ নেয়ার খবর জানিয়ে ব্যান্ডটির পক্ষ থেকে শ্রোতার উদ্দেশে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া এভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’










