সুপারহিরো ঘরানার সিনেমায় স্কারলেট জোহানসন নতুন নন। তবে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’-তে তার আসন্ন চরিত্রটি অভিনেত্রীর জন্য ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। চরিত্রটি তাকে চেনা গণ্ডির বাইরে নিয়ে গেছে। এমনকি কোনো এক কারণে তৈরি করেছে ‘অস্তিত্ব নিয়ে গভীর উদ্বেগ’। ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জোহানসন।

রবার্ট প্যাটিনসন অভিনীত ব্যাটম্যানে অভিনয় করছেন স্কারলেট জোহানসন। তবে তার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। নিজের আসন্ন সিনেমা ‘পেপার টাইগার’-এর প্রচারণার অংশ হিসেবে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলব, তা বোঝা খুব কঠিন ছিল। কেন এমন হয়েছে, জানি না। চরিত্রটির কারণেই কি না, নাকি জীবনের এই পর্যায়ে এসে এমন মনে হয়েছে সেটাও বলতে পারব না। তবে চরিত্রটি আয়ত্ত করা সত্যিই কঠিন ছিল। এ বিষয়ে এর বেশি কিছু বলতে পারব না।’

চলতি বছরের মে মাসে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’-তে জোহানসনের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পরিচালক ম্যাট রিভস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ২০১৩ সালের সিনেমা ‘আন্ডার দ্য স্কিন’-এ অভিনেত্রীর গাড়ির রিয়ারভিউ মিররে প্রতিফলিত মুখের একটি ছবি পোস্ট করেন। তবে চরিত্র সম্পর্কে কোনো তথ্য দেননি। জোহানসনের পাশাপাশি সিনেমায় যুক্ত হয়েছেন সেবাস্টিয়ান স্ট্যান ও ব্রায়ান টাইরি হেনরিও। তাদের চরিত্র সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।

স্কারলেট জোহানসন এই সময়ে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা পেপার টাইগারের প্রচারণায়। আর ব্যাটম্যানের শুটিং পিছিয়ে গেছে ম্যাট রিভসের পারিবারিক জটিলতার জন্য। এখন সিনেমাটির শুটিং এগিয়ে নিচ্ছেন স্টিভেন সোদেরবার্গ।

সূত্র: ভ্যারাইটি