আগামী ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এর বাইরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদুল ফিতরে টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে, ঈদুল আজহায় ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিনের সাধারণ ছুটিসহ এ উৎসবে মোট ছয় দিন ছুটি পাওয়া যাবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় নির্ধারিত ছুটির তালিকা অনুসরণ করা হবে।
এতে আরো বলা হয়, প্রত্যেক সরকারি কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে এ ছুটি ভোগের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ঘোষিত ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি ভোগের অনুমতি দেওয়া যেতে পারে।










