তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, সংস্থাটির গোয়েন্দা ইউনিট এবং সেন্ট্রাল ইন্টালিজেন্স সেলের (সিআইসি) পক্ষ থেকে এই তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাংক হিসাব শনাক্ত ও জব্দ করার উদ্যোগ নিয়েছে এনবিআর। তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং তদন্ত শেষে জব্দ করা ব্যাংক হিসাবের সংখ্যা আরো বাড়তে পারে।
ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা ব্যক্তিদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ ও তাজুল ইসলাম।
সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এ তালিকায় রয়েছে। এদের বিরুদ্ধে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তাদের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এসব ব্যক্তির কেউ কেউ বর্তমানে কারাগারে রয়েছেন, আবার কেউ কেউ পলাতক।










