দেশে জেট এ-১ (জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানি)-এর দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮৯ টাকা ০৩ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। অর্থাৎ অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রতি লিটার জ্বালানির দাম ৬ টাকা ৩২ পয়সা বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।










