ঢাকায় ছেলেদের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলো আজ বৃহস্পতিবার। পল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৯ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ৬৯ মিনিটে বল জালে জড়িয়েছেন ইব্রাহিম। ক্রসে ভুটান বক্সে যাওয়া বলে হেড নিয়েছিলেন কানাডায় খেলা শমিত সোম। একাধিক হেডে বল ওপরে উঠে যাওয়ার পর গোলমুখের সামনে পেয়ে যান ইব্রাহিম। পা বাড়িয়ে বলকে জালে পাঠান তিনি। এই গোলটিই বাংলাদেশকে এনে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।
এর আগে বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় নয়বারের চ্যাম্পিয়ন ভারত। যোগ করা সময়ে দুই গোল করে জমিয়ে তোলে পাকিস্তান। তবু তারা হার এড়াতে পারেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে সাফের পরাশক্তি ভারত।










