সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বৃহস্পতিবার প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে ২৭ রানে ৩ উইকেট হারানোর পর অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর প্রতিরোধে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান তুলেছে তারা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২টি এবং হাসান মাহমুদ ১টি উইকেট নিয়েছেন।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলে ক্যারিবীয়রা। পঞ্চম ওভারের প্রথম বলেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়ে ৯ রান করে ফেরেন ওপেনার ব্র্যান্ডন কিং।

এর পর ক্রিজে আসা কাভেম হজও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান। নবম ওভারে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। এবার ১২ রান করা ওপেনার জশুয়া দা সিলভাকে বোল্ড করেন তিনি।

২৭ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে ১০৬ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন তারা। বিরতিতে উইকহ্যাম ২৭ এবং জাঙ্গু ৩২ রানে অপরাজিত ছিলেন। ফেরার পরও দুজন অবিচ্ছিন্ন থেকে খেলছিলেন। দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩০ রান।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেনের দল।