ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব গতকাল বুধবার অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। নতুন ট্রেন চালুর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এ রুটে আন্তঃনগর রেল যোগাযোগ শুরু হতে যাচ্ছে।
অনুমোদিত সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনটি ঢাকায় পৌঁছবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। এটি পাবনায় পৌঁছবে রাত ৯টা ২০ মিনিটে।
দুই ট্রেনই উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটির আনুষ্ঠানিক চলাচল শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে।










