চট্টগ্রাম বন্দরে ৫৬টি জাহাজে ২৯ লাখ ৬৫ হাজার লিটার জ্বালানি তেলের ঘাটতি নিয়ে দৈনিক বণিক বার্তায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, তেলের ঘাটতির পরিমাণ ও আর্থিক ক্ষতি নিরূপণ এবং এর জন্য দায়ীদের চিহ্নিত করতে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরে গতকাল বুধবার জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে। সদস্য হিসেবে রয়েছেন বিপিসির উপমহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরএল) উপমহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)। বিপিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির প্রথম কাজ হবে প্রকাশিত সংবাদের সত্যতা ও যথার্থতা যাচাই করা। পাশাপাশি জ্বালানি তেলের ঘাটতির গ্রহণযোগ্য পরিমাণ বা হার নির্ধারণ এবং এর ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির হিসাব করতে হবে। এ ঘটনায় দায়ী ব্যক্তি বা ব্যক্তিদেরও চিহ্নিত করতে হবে কমিটিকে।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের জ্বালানি তেলের ঘাটতি ও আর্থিক ক্ষতি কমিয়ে আনতে বাস্তবভিত্তিক, সুনির্দিষ্ট ও সময়াবদ্ধ সুপারিশ দেওয়ার নির্দেশনা রয়েছে অফিস আদেশে।

প্রয়োজনে কমিটিকে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও দেয়া হয়েছে। অফিস আদেশ জারির তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন বিপিসির চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে।