ছেলেদের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল প্রথম দিন ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করল স্বাগতিক বাংলাদেশ। পল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হওয়া ‘এ’ গ্রুপ ম্যাচে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম।

স্বাগতিক দর্শককে হতাশ করে প্রথমার্ধে ১২টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। অবশেষে ৬৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় থমাস ডুলির দল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইব্রাহিম ৬৯ মিনিটে গোল করে হাসি ফোটালেন লাল-সবুজ সমর্থকদের মুখে। ক্রসে ভুটানের বক্সে চলে যায় বল, সেই বলে দুজন হেড নেয়ার জন্য উপরে উঠে যায়। বলটি নিচে নামার আগেই পা বাড়িয়ে জালে পাঠান ইব্রাহিম। তার এ গোলটিই বাংলাদেশকে এনে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।

জয়ের পর ইব্রাহিম বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম এ রকম একটা সুযোগের জন্য, এ রকম একটা গোলের জন্য। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে।’

এর আগে বেলা সাড়ে ৩টায় শুরু হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় নয়বারের চ্যাম্পিয়ন ভারত। যোগ করা সময়ে দুই গোল করে খেলা দারুণ জমিয়ে তোলে পাকিস্তান। তবু তারা হার এড়াতে পারেনি।

৩২ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড নিয়ে নেয় ভারত। ম্যাচের ১৩ ও ১৯ মিনিটে দুই গোল করে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করেন সুহাইল আহমাদ ভাট। মাংলেংথান কিপজেন ৩২ মিনিটে ব্যবধান ৩-০ করেন। এভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ ও পরের ৪৫ মিনিট। এরপর যোগ করা সময়ে দুই গোল করে ভারতকে কাঁপিয়ে দেয় পাকিস্তান। ৯১ মিনিটে নাজিব উল্লাহ খান ও ৯৪ মিনিটে আলমগীর আলী খান গাজী গোল করেন পাকিস্তানের হয়ে। দলের হারে তাদের এ প্রচেষ্টা বিফলেই যায়।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। নেপাল এবার অনুপস্থিত। প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলংকা এবং ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। ১১ নভেম্বর পরের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ওইদিন ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে।