জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় আনোয়ার হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল ছালেকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন আক্কেলপুর উপজেলার চৌধুরী পাড়ায় স্বপন চৌধুরীর বাড়িতে ১০ বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন। ২০১০ সালের ২৮ মার্চ স্বপন চৌধুরীর শিশুসন্তান সাব্বিরকে চেতনানাশক ওষুধ খাইয়ে অপহরণ করেন আনোয়ার। এরপর স্বপন চৌধুরীর কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। একপর্যায়ে শিশুটির স্বজনরা জানতে পারেন, আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে সাব্বিরকে আটকে রেখেছেন। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দিলে পুলিশ সাব্বিরকে উদ্ধার করে এবং আনোয়ার হোসেনকে আটক করে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ফিরোজা চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।