ভূমিকম্প টের পেয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গাজীপুরের শ্রীপুরের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিম্যাক নামে কারখানায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এক পর্যায়ে সেখানে জায়গায় সংকুলান না হলে কয়েকজনকে অন্যত্র নেয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী রুহুল আমিন বলেন, হঠাৎ ভূমিকম্প হলে কারখানার শ্রমিকেরা বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এ সময় সিঁড়ি-দেয়ালে আঘাত পেয়ে এবং পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। ভূমিকম্প হলে কারখানার প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, হঠাৎ ভূমিকম্প হলে ভবনের সব শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে থাকেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। তবে শ্রমিকেরা বের হওয়ার চেষ্টা করলে ফটক ভেঙে নিচে পড়ে যায় তারা। তখন ফটকের নিচে বহু শ্রমিক চাপা পড়েন। ওই কারখানায় কমপক্ষে ১০ হাজার শ্রমিক কাজ করেন।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, হঠাৎ ভূমিকম্পে ভবন কাঁপতে থাকে। এ সময় শ্রমিকেরা আতঙ্কিত হয়ে যে যার মতো হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। এ সময় অনেকে আহত হন।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মহিদুল হাসান বলেন, কারখানার নিরাপত্তাকর্মীরা ফটক বন্ধ করেন। এর বেশি এখন বলা সম্ভব নয়। অনেক শ্রমিক আহত হয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ভূমিকম্পের পর বহু আহত শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তবে সংখ্যাটা বলা খুবই কঠিন। তবে নির্ধারিত সংখ্যা বলা যাচ্ছে না।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর -৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ও আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।