ষাটের দশকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামের মানুষের চলাচলের কথা চিন্তা করে জিকে সেচ প্রকল্পের আওতায় সেতু নির্মাণ করা হয়। ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার মানুষের চলাচলের সহজ মাধ্যম এ সেতু। পাঁচ মাস আগে সেতুটি ভেঙে গেলেও সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেতুটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৩০ গ্রামের মানুষকে। সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানালেও কাজ হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
খুলুমবাড়িয়া বাজারের ব্যবসায়ী শিহাব উদ্দিন জানান, পাঁচ মাস সেতুটি ভেঙে থাকায় প্রায় ৩০ গ্রামের মানুষ দৈনন্দিন প্রয়োজনে বাজারে আসতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু জানান, এলাকার মানুষ চরম দুর্ভোগে আছে। সাময়িক দুর্ভোগ লাঘবে সাঁকো দিয়ে আপাতত চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতু সংস্কারে বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে। যদি বরাদ্দ আসে তাহলে কাজ শুরু করা হবে।’










