বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। বিএনপি নির্বাচন চায় এবং জনগণের রায়ের ওপর আস্থা রাখে। জনগণ চাইলে আমরা সরকার গঠন করব, না চাইলে বিরোধীদলে থাকব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইডিডিবিতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, শহীদ জিয়ার সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে জাতিকে একটি আলাদা পরিচয় দেয়া। পৃথিবীতে বাঙালি জাতি অন্যত্রও আছে, কিন্তু এ ভূখণ্ডের মানুষের পরিচয় তিনি বাংলাদেশী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যার পর অনেকেই ভেবেছিল বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা আবার তুলে ধরেন। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরও অনেকে ভেবেছিল দল দুর্বল হয়ে পড়বে। কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই পতাকা আবার তুলে ধরেছেন দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান প্রথমেই বলেছিলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে।’ এ পরিকল্পনার লক্ষ্য হলো জনগণের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং দেশে শান্তি ও সৌহার্দ্যের সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

মির্জা ফখরুল বলেন, একদিকে একটি পক্ষ শুধু হুমকি, হত্যা ও দমন-পীড়নের ভাষা ব্যবহার করে, অন্যদিকে আমাদের নেতা জনগণের জন্য পরিকল্পনার কথা বলেন— এটাই পার্থক্য।

সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , দলটির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বক্তব্য দেন। দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।