কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এদিকে সিরাজগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে। মহাসড়ক এবং শহরের মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের গোল চত্বর ও ঝাঐল ওভারব্রিজ এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকে। তারা লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে এ সময় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তবে তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।

এদিকে সিরাজগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। দুপুরে দিকে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, পুলিশ মহাসড়কসহ জেলাব্যাপী সতর্ক অবস্থানে আছে। যে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।