নিয়ম ভঙ্গ করে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুণসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে এ মামলা করেন। অরুণ কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বারিস্টার সেলিম আলতাফ জর্জের চাচা। 

মামলায় অপরাধমূলক অসদাচরণ করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র সৃজন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১০, ২০১৩ ও ২০১৮-এর বিধিবিধান এবং সরকারি প্রজ্ঞাপনের নিয়ম ভঙ্গ করে কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলায় কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, শিক্ষক  ও কর্মচারীসহ আরো ২১ জনকে আসামি করা হয়েছে। 

অভিযুক্ত কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, ‘‌আমি সভাপতি থাকাকালীন অনেক নিয়োগ হয়েছে এটা সঠিক। তবে নির্দিষ্ট কোন বিষয়ে অনিয়ম হয়েছে তা জানি না। দুদক তদন্ত করে দেখুক তারপর দেখা যাবে।’