সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির
শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
‘শিক্ষার্থীদের নিরাপত্তা’ চিন্তা করে বিশ্ববিদ্যালয় ১০ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যত দ্রুত সম্ভব হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে তাদের।
গতকাল রোববার (৫ নভেম্বর) রাতে আশুলিয়ার
চাঁনগাও এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। আজ সোমবার
সকালে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা আবাসিক হল ছেড়ে যাচ্ছেন।
ড্যাফোডিল ইউনিভার্সিটির সিইসি বিভাগের
শিক্ষার্থী তানভির তাহমিদ বলেন, গতকাল রাতে এলাকাবাসী আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা
করেছে। আবাসিক হলে হামলা চালিয়ে ভাংচুর করেছে। যার কারণে আমাদের নিরাপত্তার শঙ্কা
দেখা দিয়েছে। এটা চিন্তা করেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে। আজ থেকে
আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের
ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা ভোর থেকেই বাড়িতে রওনা হয়েছি।
বিষয়টি নিশ্চিত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল। তিনি জানান, ৬ থেকে ১৬ নভেম্বর
পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ
বিন করিম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাস বন্ধ ঘোষণার
কথা শুনেছি। তারপরও নিরাপত্তা নিশ্চিতে আমরা এলাকায় অবস্থান করছি।










