খুলনার কয়রায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত সোমবার ভোরে কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ১৩-১৪/২ নম্বর পোল্ডারের ২০০ মিটার অংশ নদে ধসে পড়ে। বেড়িবাঁধ ভাঙনে হুমকিতে পড়েছে বাঁধসংলগ্ন ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, হরিণখোলা, মদিনাবাদ গ্রামসহ কয়রা উপজেলা সদরের প্রায় ১০ হাজার মানুষ। 

খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুহম্মদ জসীম উদ্দিন বলেন, ‘কয়রার এসব বেড়িবাঁধ এতদিন সাতক্ষীরা জেলার আওতাধীন ছিল। দুই বছর আগে ২ নম্বর কয়রা এলাকার বেড়িবাঁধটি জাইকার অর্থায়নে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে। আমরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার করা হবে।’