কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি। পানি বাড়লেও এখন পর্যন্ত সব পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি ঢুকে পড়ছে নদ-নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে। তলিয়ে গেছে এসব এলাকার ফসলের খেত।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের মানুষ। নিম্নাঞ্চলের সবজিসহ বিভিন্ন ফসলের খেত পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে তারা।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক আহমেদ আলী বলেন, ‘কয়েক দিন ধরে বৃষ্টিপাতের ফলে খালবিল সব ভরে গেছে। এদিকে ধরলার পানিও দ্রুত বাড়ছে। যেকোনো সময় পানি আরো বেড়ে ঘর-বাড়ি তলিয়ে যেতে পারে। এরই মধ্যে তলিয়ে গেছে বিভিন্ন ফসলের খেত।’  

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ২২ ও ২৩ জুন এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। তবে আগামী ১০ দিনের মধ্যে বড় কোনো বন্যার আশঙ্কা নেই।