ফেনীর দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন এর আগে ছিনতাই মামলায় ১১ বছর সাজা খেটেছেন।

গ্রেফতাররা হচ্ছেন মো. আলী হোসেন (৩১), ইমাম হোসেন (২৬) ও মো. রাকিব হোসেন (১৯)। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সাড়ে ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মো. আলী হোসেন এর আগে ছিনতাইয়ের পৃথক মামলায় ১১ বছর সাজা খেটেছেন। জেল থেকে বের হয়ে আবারো একই অপরাধে জড়িয়ে গ্রেফতার হয়েছেন তিনি।

গত ২০ সেপ্টেম্বর দুপুরের দিকে দাগনভূঞার বেকের বাজারে ব্যাংক থেকে টাকা নিয়ে সিএনজি অটোরিকশা যোগে ফেনী যাচ্ছিলেন এক প্রবাসীর স্ত্রী। ওই সময় যাত্রীবেশে সিএনজিতে ওঠে তিন ছিনতাইকারী।

কিছুদূর এগোনোর পর গৃহবধূর চোখমুখ বেঁধে মোবাইল ফোনসহ ৩১ হাজার ৯০০ টাকা ও ভ্যানিটি ব্যাগ নিয়ে যায় চক্রটি। বিষয়টি জানতে পেরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে। এরপর গতকাল শুক্রবার রাতে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ ব্যক্তিকে আটক করে।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, বেকের বাজার এলাকায় আলোচিত ছিনতাইয়ের ঘটনায় নগদ টাকা ও মালামাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।