সাতক্ষীরায় ট্রাকচাপায় ওহি সুলতানা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা হাফিজা খাতুন গুরুতর আহত হয়েছেন। নিহত শিশুটি সদর উপজেলার আলিপুর তালবাড়িয়া গ্রামের মিতুল গাজীর মেয়ে।
সোমবার
(২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায়
আলিপুর উপজেলার মাহমুদপুরে
সাতক্ষীরা-ভোমরা সড়কে এই ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে এবং ঘাতক ট্রাকটি ভাঙচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ভ্যানযোগে সপরিবারে ভোমরা বন্দর অভিমুখে যাচ্ছিলো শিশুটি। এসময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৭৪৮৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় ওহি সুলতানা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










