জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নদী-খাল দখল ও দূষণমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে তিনি ৩-৬ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন পটুয়াখালীর লাউকাঠি, লোহালিয়া ও হেতালিয়া নদী এবং সুতাখালিসহ অন্যান্য খাল দখল এবং দূষণ সরেজমিন পরিদর্শন ও কাগজপত্রাদি যাচাই-বাছাই করেন।

জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় জেলা নদী রক্ষা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জাতীয় নদী রক্ষা কমিশনের পরিবেশবিদ মো. এনামুল হক, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ড. খ ম কবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস, ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার, মৌকরন ইউপি চেয়ারম্যান কাজী সেলিম প্রমুখ।