কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুব সংগঠন জাতীয় যুবজোটের দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  বুধবার রাত ১১টার দিকে আল্লারদর্গা বাজারের অদূরে বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তার আরো দুই সহযোগীকেও কুপিয়ে জখম করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও সালামের সঙ্গে থাকা আহত মামুন জোয়ার্দার জানান, সালাম তাকে ও আরেক যুব জোট কর্মী হারুনকে নিয়ে আল্লার দর্গা বয়ান মোড়ে বুধবার রাতে তার বাড়ির অদূরে বসেছিলেন। রাত ১১টার দিকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। 

মামুন সন্ত্রাসীদের কয়েকজনকে চিনতে পারেন বলে দাবি করে তাদের নাম উল্লেখ করেন। এরা হলেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরী, সেলিম চীেধুরী, বাদশা, বকুল, মাসুম, জামাত চোর, রাজা, রেজু, রাজিব ও শাহীন। 

গুরুতর আহত সালামসহ তাদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সোয়া ১টার দিকে সালামের মৃত্যু হয়।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবিদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করেছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। তিনি আরো জানান, এর আগে এলাকায় সংঘটিত আরেকটি হত্যাকাণ্ড নিয়ে দুটি গ্রুপের বিরোধ ছিল।