সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সভায় অংশ নিতে আজ জেনেভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বাংলাদেশের প্রতিনিধি দলের অন্য সদস্যরা এরই মধ্যে সভায় অংশগ্রহণ শুরু করেছেন। এ দলে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তারাফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ ও উপসচিব ইসরাত জাহান কেয়া।

আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শ্রমমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে তার জেনেভা পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও উপদেষ্টা আইএলওর মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এ সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।