ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি টয়লেট থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় ১১০৬ নাম্বার রুমের টয়লেটে টেপ মোড়ানো বস্তু দুটি পাওয়া যায়।

বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ বদরুল হাসান। তিনি বলেন, বেলা সাড়ে ১০টার দিকে কলাভবনের নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি আমরা শাহবাগ থানাকে জানাই এবং তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। এরপর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তু দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যায়। সেখানে সম্ভবত পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও খোঁজখবর নিচ্ছি।

এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে- এমন প্রশ্নের জবাবে বদরুল হাসান বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। তবে মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আমরা কথা বলেছি। সিকিউরিটি গার্ড যারা গতকাল বিকাল ও রাতে এ ভবনে দায়িত্বে ছিলেন, আমরা তাদের ডাকব। এই সময়ের কে কে এই ভবনে প্রবেশ করেছে সে বিষয়ে খোঁজ-খবর নিয়ে দোষীকে চিহ্নিত করা হবে। নিরাপত্তাকর্মীদের আরও সতর্কভাবে কাজ করার গাইডলাইন দেব।

এর আগে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটের সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।