সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় একটি যাত্রীবাহী লেগুনার চারযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন। সোমবার (১৮ মার্চ) জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫৫), কুষ পাত্রের স্ত্রী সুষিতা পাত্র (৩৫) ও নন্ড পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫) ও সুভেন্ড পাত্রের ছেলে ঋতু পাত্র (৮)। হতাহতরা সবাই মঙ্গোলী পাত্রের মেয়ের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে পাঁচটি লেগুনা ভাড়া করে সিলেট-তামাবিল সড়ক দিয়ে উপজেলার মোকামপুঞ্জিতে যাচ্ছিলেন

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন,  দুপুরে সিলেট থেকে জৈন্তাপুর অভিমুখী যাত্রীবাহী লেগুনার (সিলেট-ছ-১১-১২৫২) সঙ্গে  সিলেটগামী একটি পিকআপভ্যানের (সিলেট মেট্রো-ন-১১-২২৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়।। এতে চারজন নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।