চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির পাশে মাটিচাপা দেয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে ৫ দিন আগে নিখোঁজ হওয়া শিশু সোহানের (৮) মরদেহ। আজ শুক্রবার (১৯ মে) তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে পৌর এলাকার রুদ্রগাঁওয়ে একটি পরিত্যক্ত ঘাসের জমি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, রেনু বেগম নামে এক বৃদ্ধা ওই জায়গায় দুর্গন্ধ এবং প্রচুর মাছি দেখে সোহানের চাচা মনিরকে বলেন। মনিরসহ বাড়ির অন্যান্যরা মাটি সরিয়ে সোহানের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি দেবনাথ। এছাড়া সিআইডি, ডিবি ও পিবিআইয়ের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

সোহানের পরিবার জানিয়েছে, গত ১৫ মে প্রতিদিনের মতোই মাগরিবের নামাজ পড়তে গিয়েছিল সোহান। তবে অন্যান্য দিন নামাজ শেষ করেই ফিরে এলেও সেদিন দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে শিশুটির বাবা আনোয়ার হোসেন ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সোহানের বাবা বলেন, সোহান প্রতিদিনই নামাজ পড়তে যেত। নামাজ শেষ হলেই ফিরে আসত। কিন্তু আজ ফিরল লাশ হয়ে। সোহানের মা ছেলের লাশ উদ্ধারের খবর পেয়ই হাউমাউ করে কাঁদছেন আর তার হত্যার বিচার চাইছেন।

কী কারণে শিশু আদিল মোহাম্মদ সোহানকে হত্যা করা হয়ে থাকতে পারে তা নিশ্চিত করতে পারেননি ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান। তিনি জানিয়েছেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার মৃত্যুরহস্য উদঘাটন করতে পুলিশ বিভাগের সকল টিম এক হয়ে কাজ করছে বলেও জানান তিনি।