নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির নিতান্ত মূর্খতা। প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের সংবিধানের আলোকে। সংবিধানে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কিছু নেই।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিএফআরআইয়ের আওতাধীন নদী উপকেন্দ্রের অফিস কাম গবেষণাগার ভবন উদ্বোধন করার সময় এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।

গতকাল বিকালে মহিপুরে বিএফডিসির নবনির্মিত আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন শেষে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার অতীতে থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রক্ষমতা দেয়ার কোনো বিধান নেই। বিএনপি, তাদের জোট ও সহযোগীদের দাবি সংবিধান পরিপন্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা কখনো সম্ভব নয়। মানুষ ভোট দেবে, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে কে ক্ষমতায় আসবে।

এর আগে গতকাল সকালে তিনি পটুয়াখালী সার্কিট হাউজে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

উল্লেখ্য, দেশের তিন জেলার চারটি স্থানে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর মহিপুর ও আলিপুরে ২ দশমিক ১৯ একর জমির ওপরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে মৎস্য বিভাগ।