যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালন করেছে ফায়ার সার্ভিস।
এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। দেশের সব ফায়ার স্টেশন এবং
অফিসে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন এবং বিভাগীয় দফতরগুলোয় স্বাধীনতা ও জাতীয় দিবসের
ব্যানার টাঙানো হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের
শহীদ স্মৃতিস্তম্ভ এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময়
পরিচালক, উপপরিচালকসহ সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে বলা হয়েছে, সকাল ১০ টায় কর্মকর্তা-কর্মচারীর
সন্তানদের অংশগ্রহণে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স ও অধিদপ্তরের সম্মেলন কক্ষে"মহান
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১ টায় ট্রেনিং কমপ্লেক্সসহ সব বিভাগীয়
অফিসে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’
বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতা, সব মুক্তিযোদ্ধা ও
১৫ আগস্ট শাহাদত বরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধ এবং ফায়ার
সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা।
আলোচনা সভায় জাতির পিতার আদর্শ চর্চা এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সব
কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্ব যথাযথ পালনে তাগিদ দেয়া হয়। বক্তারা ফায়ার সার্ভিস
ও সারা দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকায় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন।
এর আগে সেহরিতে বিশেষ খাবারের আয়োজন করা হয়। এছাড়া মহান স্বাধীনতা
দিবস উপলক্ষে জাতীয় অনুষ্ঠানগুলোয় অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ডুবুরিসহ জনবল ও
অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প নিয়োজিত করা হয়।









