পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘পাহাড়ের ১২টি জাতি যখন নিজস্ব পোশাকে একত্রিত হবে, তখন বার জাতিকে বার রকম রঙে দেখা যাবে। যা রংধনুর চেয়েও আকর্ষণীয়। সুতরাং আমরা আধুনিক হবো। কিন্তু আমাদের নিজস্ব ঐতিহ্যকে ভুলে যাব না, শিকড়কে ভুলব না। বরং আমাদের পাহাড়ের ঐতিহ্যকে ব্র্যান্ডে পরিণত করতে হবে।’
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত লোকজ মেলা, মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন মন্ত্রী।
এর আগে স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটির সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী বলেছেন, সংবিধানের ২৩ অনুচ্ছেদে আছে, রাষ্ট্র প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি জাতিসত্বার ঐতিহ্য, কৃষ্টি সংরক্ষণ করবে। বাংলাদেশের শুধুমাত্র বান্দরবান জেলাতেই ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশাপাশি বাঙালি বসবাস করে। এ জন্য জেলার সকল জাতিসত্ত্বার ঐতিহ্য, কৃষ্টি সংরক্ষণে সর্বদা সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন রিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বিশেষ অতিথি বান্দরবান পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি।










