মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেছেন, ইভিএমে সংশয়মুক্ত সুন্দর পরিবেশে ভোট হবে গাংনী পৌরসভায়। ডিজিটাল বাংলাদেশে আর ব্যালটে ভোট নয়। আগামীতে বাংলাদেশের মানুষ ঘরে বসেই পছন্দের প্রার্থীকে ইভিএমে ভোট দিতে পারবে। ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই। যারা ইভিএম নিয়ে ভয় পাচ্ছেন তাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কক্ষে গাংনী পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আহমেদ আলী।