একই সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও জেনেভায় যাবেন বলে জানা গেছে।
গতকাল সকালে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ইস্তানবুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় তিনি জেনেভা পৌঁছেছেন।
এরই মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যান্য সদস্য জেনেভায় পৌঁছে সভায় অংশ নেয়া শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব ইসরাত জাহান কেয়া।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।










