সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর সড়ক। চাটমোহর পৌরসদরের আফ্রাতপাড়া মহল্লা থেকে রাজারদিয়ার হয়ে মথুরাপুর ইউনিয়নের উথুলী (কাঠবাদামতলা) অভিমুখী পাকা সড়কটির অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রায়ই এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এ সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। রাজারদিয়ার মোড় থেকে সড়কটির একটি শাখা ভাদড়া বটতলায় গিয়ে চাটমোহর-পাবনা সড়কের সঙ্গে যুক্ত হয়েছে।
আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা চঞ্চল ও নাহিদ হোসেন জানান, চাটমোহর বাসস্ট্যান্ড থেকে পাবনা অভিমুখী সড়কটি এক সময় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সে সময় বিকল্প হিসেবে এ সড়কটি ব্যবহার করতেন যানবাহন চালকরা। ভারী যানবাহন চলাচল করায় এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। চাটমোহর পৌর এলাকা ও উপজেলা সদরে যেতে এ এলাকার মানুষকে এ সড়ক হয়েই যেতে হয়। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হক জানান, সর্বশেষ প্রায় ১১ বছর আগে এ সড়কটি মেরামত করা হয়েছিল। তারপর থেকে এ পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জনগুরুত্বপূর্ণ এ সড়কটির মেরামতকাজ করেনি। এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত সড়কটির সংস্কার প্রয়োজন।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, সড়কটির বর্তমান অবস্থা বেশ খারাপ। শিগগিরই মেরামতের আওতায় এনে সড়কটির সংস্কার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।










