আগামী সপ্তাহে ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনার বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আমরা যে প্রতিশ্রুতি নিয়ে সরকারে এসেছি, আমরা সে প্রতিশ্রুতি রাখতে পেরেছি। আমরা বিচারের কাজ শুরু করেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট, খুনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাব।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হলরুমে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এসব কথা বলেন।‎

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকেরই বিচার কার্যক্রম চলছে। যারা জুলাইয়ে ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করেছে সবার বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নিয়ে যাবেন।

উপদেষ্টা বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে প্রবেশ করল।

তিনি আরো বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি সংস্কার কাজগুলোকে যথাযথভাবে করতে পারে তাহলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে রকম একটা বাংলাদেশ দেখতে পাব। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না। ‎

সভা শেষে তথ্য উপদেষ্টা রামগঞ্জের দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মাহাবুব আলমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ ও নাগরিকরা।