ঢাকার ডেমরায় একটি চার তলা ভবনের তিন তলায় কাপড়ের গোডাউনে লাগা আগুন প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। পরে তাদেরকে সহায়তা জন্য যোগ দিয়েছে নৌবাহিনীর দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের দায়িত্ব কর্মকর্তা।
তিনি জানান, রাতে সাড়ে ১১টায় ডেমরার ভাঙা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরো পাঁচটি ইউনিট মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সকাল ৮টায় এ আগুন নিয়ন্ত্রণে এসেছে। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলেও জানান ওই কর্মকর্তা।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি। এ ছাড়া এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।










