সুনামগঞ্জের দোয়ারাবাজারে বয়স জালিয়াতির অভিযোগে বয়স্ক ভাতার তালিকাভুক্ত ৪১৩ জন সুবিধাভোগীর ভাতা বাতিল করেছে সমাজসেবা অধিদপ্তর। তাদের জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা সঠিক থাকলেও বয়সের গরমিল পাওয়া গিয়েছে। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তথ্য যাচাই-বাছাই করে অনলাইনে সংরক্ষণ করতে গিয়ে এসব প্রতারণা ধরা পড়ে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বয়স্ক ভাতা পেতে নারীদের বয়স কমপক্ষে ৬২ ও পুরুষদের ৬৫ বছর হতে হবে। একজন ভাতাভোগী মাসে ৫০০ টাকা করে ভাতা পান। সমাজসেবা কার্যালয় থেকে ভাতাভোগীদের নামে বই ইস্যু করা হয়। ভাতাভোগীরা নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতার টাকা পান। এসব ভাতাভোগীর তালিকা ইউনিয়ন কমিটির মাধ্যমে তৈরি করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেয়া হয়। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের মাধ্যমে তাদের সঠিক বয়স নির্ধারণ করে উপকারভোগীদের ভাতার আওতায় আনে সমাজসেবা কার্যালয়। এ উপজেলায় বয়স্ক ভাতার সুবিধাভোগীর তালিকায় রয়েছেন ৬ হাজার ৩৪৪ জন। তার মধ্যে বাংলাবাজার ইউনিয়নে ৪৫, নরসিংপুর
ইউনিয়নে ১০৬ জন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে ৪৮ জন, মান্নারগাঁও
ইউনিয়নে ২৩ জন, পান্ডারগাঁও
ইউনিয়নে ৬০ জন, দোহালিয়া ইউনিয়নে ৩৩ জন, লক্ষ্মীপুর
ইউনিয়নে ৩৬ জন, বোগলাবাজার ইউনিয়নে ২৯ জন ও সুরমা ইউনিয়নে ৩৩ জন বয়স্ক ভাতাভোগী বয়স জালিয়াতি করে ভাতা নেন বলে চিহ্নিত হয়েছে। তাদের নাম বাদ দিয়ে নতুনদের তালিকাভুক্তির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
বয়স জালিয়াতি করে ভাতার তালিকাভুক্ত হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপকারভোগীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বয়স নিয়ে সমস্যা থাকায় অনলাইনে তাদের ডাটা এন্ট্রি করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা ও সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ের লোকজনের যোগসাজশে ঘুসের বিনিময়ে তারা বয়স জালিয়াতি করে ভাতাভুক্ত হয়েছেন। তারা পরিচয়পত্রের জন্ম তারিখ ঘষামাজা অথবা ভুয়া জন্মসনদ তৈরি করে বয়স বাড়িয়েছেন। এখন তারা ভাতার টাকা পাচ্ছেন না।
দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র চালু হওয়ার আগে থেকেই ভাতাভোগীদের অনিয়ম চলে আসছিল। বয়স জালিয়াতি করে অনেকেই বয়স্ক ভাতার আওতায় এসেছেন। যারা বয়স বাড়িয়ে ভাতাভোগী হয়েছেন তাদের বাদ দিয়ে আমরা নতুনদের তালিকাভুক্ত করছি। বর্তমানে এ কাজ চলমান রয়েছে।










