বিএনপি নেতাদের প্রতিহিংসামূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, রাজনীতিতে বিএনপি নেতারা আমাদের সিনিয়র। আমরা তাদের কাছ থেকে শেখার সুযোগ চাই। প্রতিহিংসার রাজনীতি কিংবা কাউকে হেয় করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত।

আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের ধাক্কামাড়া ইউনিয়নের মিড়গড় জলাপ্রশাসন ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে যদি কেউ কাউকে ছোট করে কথা বলেন, সেটি রাজনীতিবিদদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করে। অতীতে আমরা দেখেছি, শেখ হাসিনা বা খালেদা জিয়ার মতো নেত্রীরা একে অপরকে ছোট করে কথা বলতেন। এই সংস্কৃতি আমরা আর দেখতে চাই না।

তিনি আরো বলেন, আমরা চাই, সিনিয়র নেতারা আমাদের গঠনমূলক পরামর্শ দিক, যাতে আমরা শ্রদ্ধাবোধ বজায় রেখে রাজনীতি করতে পারি। রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা থাকা দরকার।

সম্প্রতি বিএনপির এক নেতার বক্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, তিনি বলেছেন, আদালতের কারণে দেশের শিক্ষা ও শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। হয়তো কিছুটা বিঘ্ন ঘটেছে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এটা বলা ঠিক না। বরং এখন প্রশ্ন হচ্ছে, যারা রাজনীতির ময়দানে এত বড় ত্যাগ স্বীকার করেছে, তারা কি স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে?

সারজিস বলেন, আমরা দেখেছি, বিএনপির যেসব নেতারা গত ১৬ বছর ধরে আন্দোলন চালিয়ে গেছেন, তাদের কেউ কেউ এখন পরিবারের পাশে থাকতে পারছেন না, ভাইয়ের দাফনেও যেতে পারছেন না। ছাত্রদলের অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময়ে আজকের এ পরিস্থিতি এসেছে। এটা শুধু তাদের জন্য না, পুরো দেশের জন্যই একটা ত্যাগ।

সারজিস আলম মনে করেন, এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো সবার দায়িত্ব। রাজনীতি মানেই উচ্চ গলায় কথা বলা নয়। আসল বিষয় হচ্ছে—সহনশীলতা ও পারস্পরিক সম্মান।