চলতি মৌসুমে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে আসে ঢাকার নাম। তবে ঢাকা ছাড়াও পাশের জেলাগুলোর বায়ু পরিস্থিতিও দীর্ঘদিন ধরে খারাপ হচ্ছে। মানিকগঞ্জ ও গাজীপুর শহরের বায়ুদূষণ মারাত্মক পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ২০১৯ সালে রাজধানীর আশপাশের জেলাগুলোর বায়ু দূষণ রোধে জেলা প্রশাসকদের ব্যবস্থা নেয়ার আদেশ দেন উচ্চ আদালত। তবে সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ আদালতের এ আদেশ বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করছেন না তারা। যদিও বিশেষজ্ঞদের মতে, আশপাশের জেলাগুলো বায়ু দূষণমুক্ত থাকলে রাজধানীর বায়ুদূষণও কমবে। একইভাবে রাজধানীর বায়ুদূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের জেলায়ও সে দূষণ ছড়িয়ে পড়বে। এজন্য জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে বায়ুদূষণ প্রতিরোধে কাজ করা প্রয়োজন।
ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জে ব্যাপক পরিমাণে ইটভাটা রয়েছে। ফলে এসব অঞ্চলে তীব্র বায়ুদূষণ হয়ে থাকে। এর মধ্যে ২০২০ সালে সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে প্রকাশিত বিশ্বের ১০০ দূষিত শহরের মধ্যে ঢাকার সঙ্গে মানিকগঞ্জ ও গাজীপুরের নামও উল্লেখ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ তৈরিতে প্রধান ভূমিকা রাখছে ইটভাটা। রাজধানীসহ আশপাশের চার জেলায় বেশকিছু ইটভাটা রয়েছে। মূলত এ ইটভাটাগুলো মারাত্মভাবে পরিবেশ দূষণ করছে। যেহেতু জেলা প্রশাসকরা ইটভাটার লাইসেন্স দিয়ে থাকেন, তাই এ বিষয়টি খোঁজখবর রাখা এবং নিয়ন্ত্রণ করা জেলা প্রশাসকদের দায়িত্ব। সংশ্লিষ্ট জেলার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও বলছেন, ইটভাটা ও জেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলা কলকারখানা বায়ুদূষণ ঘটাচ্ছে।
সম্প্রতি একটি গবেষণার ফলাফলে দেখা গেছে, গত পাঁচ বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বাতাসে কার্বন নিঃসরণ বেড়েছে। শহরটির বার্ষিক কার্বন নিঃসরণ প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮ শতাংশ। এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বণিক বার্তাকে বলেন, কার্বন নিঃসরণ কমাতে ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশন। এজন্য এলইডি বাতি স্থাপন, খাল ও জলাধার সংরক্ষণ, বৃক্ষরোপণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
এদিকে গাজীপুরে সারা বছর ধরেই চলছে যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি। এসব উন্নয়নকাজে পরিবেশ যাতে বিনষ্ট না হয়, তার জন্য নির্দেশনা থাকলেও এর বাস্তবায়ন নেই। এছাড়া শিল্প-কারখানা ও ইটভাটার ধোঁয়াসহ ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়ার আগ্রাসনে বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। বায়ুদূষণ এখন গাজীপুরের সব শ্রেণীর মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি ছাড়াও বিভিন্ন স্থানে বড় বড় নির্মাণকাজ চলায় সর্বত্রই এখন ধুলাবালি। এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে গাজীপুর ১৮ নম্বর।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বণিক বার্তাকে বলেন, ইটাভাটা নিয়ন্ত্রণে আমরা তত্পর আছি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিই। এ নিয়ে আরো ব্যাপক আকারে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, নগর পরিকল্পনায় ঘাটতি, আইন প্রয়োগের সীমাবদ্ধতা ঢাকা ও এর আশপাশের বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। গত ৬ বছরের জানুয়ারি মাসের বায়ুমান সূচকের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে রাজধানীর গড় বায়ুদূষণের পরিমাণ বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। জানুয়ারিতে গড় হিসেবে বায়ুমান সূচক ছিল ২১৯ দশমিক ৫২, যা খুবই অস্বাস্থ্যকর। এমন পরিস্থিতি টানা তিনদিন থাকলে বিশ্বের যেকোনো দেশ স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করে। পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি জেলা প্রশাসকদেরও এক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করতে হবে।
রাজধানী ও আশপাশের জেলা প্রশাসকরা বায়ুদূষণ প্রতিরোধে যথাযথ ভূমিকা পালন করছেন না উল্লেখ করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ২০১৯-২০ সালে জেলা প্রশাসকরা বেশ তত্পর ছিলেন। কিন্তু গত বছর এ তত্পরতায় ঘাটতি দেখা যায়। ফলে ঢাকা ও তার আশপাশের জেলাগুলোতে বায়ুদূষণ বেড়ে যায়। এজন্য আমরা হাইকোর্টে রিট করি। বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের আগামী ১৫ ফেব্রুয়ারি রিট শুনানিতে ইটভাটার তালিকাসহ যুক্ত থাকার আদেশ দেন।
সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. আবদুল মোতালেব বণিক বার্তাকে বলেন, যেহেতু জেলা প্রশাসকের দায়িত্ব ও ক্ষমতা বেশি। দূষণ রোধে নিজ উদ্যোগে তাদের অনেক কিছুই করার আছে। তাই দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।










