টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে দুজন এবং মেহেরপুর ও গাজীপুরে আরো দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

টাঙ্গাইল: জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী অন্য একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, নিহত ওই তিনজন বাসের যাত্রী ছিলেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্ট চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় একটি বাসের ধাক্কায় আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়েছে। এতে এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শামসুন্নাহার বেগম (৪০)। তিনি বরিশালের উজিরপুরের বাসিন্দা পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। নিহত শিশু রাবেয়া (৮) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লোডা গ্রামের হানিফ গাজীর মেয়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেহেরপুর: ট্রাকচাপায় ফারহানা ওয়াহেদা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি শহরের পেয়াদাপাড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে তিনি ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে রামদাসপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। ফতেপুর ইটাভাটার কাছে একটি ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায়। পেছনে থাকা ফারহানা পড়ে যান ট্রাকের মাঝখানে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাজীপুর: জেলার শ্রীপুরে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় কবির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার ১২ বছর বয়সী ছেলে আবির হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধনুয়া গ্রামের চিল্লানিবাড়ি মোড়ে জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।