বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, এ উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। অতএব এ পদ্ধতির কথা বলার উদ্দেশ্য হলো ঘোলা পানিতে শিকার করে দেশকে অস্থিতিশীল করা। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়।’
গতকাল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বরকতউল্লা বুলু বলেন, ‘রাজনীতিতে, গণতন্ত্রে পিআর পদ্ধতি নেই। ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ, সেখানে কোনো পিআর পদ্ধতি নেই। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন নির্বাচনের পক্ষে। অতএব বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে। আমরা আশা করি সরকার নির্বাচনের যে ডেট লাইন দিয়েছে, সে ডেট লাইন অনুযায়ী নির্বাচন হবে। দেশে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত দিনের সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবেন, তারাই সরকার গঠন করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।










